বগুড়ায় বিনামূল্যে বীজ-সার পেলেন ৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

প্রকাশ :

সংশোধিত :

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), হাইব্রিড মরিচ, রোপা আমনের উফশী বীজ, উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা, লেবুর চারা, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

সর্বশেষ খবর