২০ উদ্যোক্তার অংশগ্রহণে আইইউবিতে আধুনিক মাশরুম চাষ বিষয়ক কর্মশালা

প্রকাশ :
সংশোধিত :

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) -এর লাইফ সায়েন্সেস বিভাগ আধুনিক মাশরুম চাষ পদ্ধতি নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন মাশরুম চাষি ও উদ্যোক্তা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, পুষ্টিগুণ ও আয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও মাশরুম চাষের প্রসারে বড় বাধা হিসেবে রয়েছে ক্ষতিকর ছত্রাকের সংক্রমণ ও দুর্বল বিপণন ব্যবস্থা। অনেক ক্ষেত্রে একটি স্পন ব্যাগ থেকেই সংক্রমণ ছড়িয়ে পুরো খামারের উৎপাদন নষ্ট হয়ে যায়।
এ প্রেক্ষাপটে আইইউবির সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার প্রায় তিন বছরের গবেষণায় একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ক্ষতিকর ছত্রাকের বিস্তার রোধ করে উৎপাদন বাড়াতে সক্ষম এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ।
কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। তিনি বলেন, দীর্ঘ চার দশকেও মাশরুম তৃণমূলে পৌঁছাতে পারেনি, যার পেছনে মানুষের মধ্যে খাদ্য হিসেবে সংশয়, মানসম্মত বীজের অভাব এবং বিপণন সমস্যাই প্রধান কারণ।
মাশরুম খাতে দীর্ঘদিন কাজ করা উদ্যোক্তা জামাল উদ্দিন আহমেদ জানান, এ খাতে উদ্যোক্তা ঝরে পড়ার হার প্রায় ৯৯ দশমিক ৯ শতাংশ। টিস্যু কালচার থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সমন্বিত চেইন ও তত্ত্বাবধানের অভাবই এর অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন ড. কে আয়াজ রাব্বানী এবং বিভাগের প্রধান ড. মো. মাহমুদুল হাসান সোহেল।
কর্মশালার কারিগরি সেশনে ড. জীবুন্নাহার খন্দকার তাঁর উদ্ভাবিত পদ্ধতি উপস্থাপন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি বলেন, মাশরুম চাষ একটি জ্ঞানভিত্তিক উদ্যোগ, যেখানে ভালো ফলনের জন্য নিয়মিত শেখা ও পদ্ধতির উন্নয়ন জরুরি।
এছাড়া টেকসই বিপণন কৌশল হিসেবে ই-কমার্সের সম্ভাবনা তুলে ধরেন আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. ইকরামুল হাসান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাজার সম্প্রসারণ এবং শক্তিশালী ব্র্যান্ড গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


For all latest news, follow The Financial Express Google News channel.