স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রকাশ :
সংশোধিত :

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক বৈঠকের সময় তিনি এই কঠোর সিদ্ধান্তের কথা জানান।
স্পেনের আচরণকে 'খুবই খারাপ' আখ্যা দিয়ে ট্রাম্প মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে দেশটির সঙ্গে সব সম্পর্ক ও লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে ইতোমধ্যে ১৫টি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এই ঘোষণা এল।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস নিশ্চিত করেছেন, ইরানের ওপর হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি তাদের বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির আওতাভুক্ত নয়।
দেশটির সমাজতান্ত্রিক সরকারের দাবি, মার্কিন সামরিক বাহিনীকে তৃতীয় কোনো দেশে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া জাতিসংঘ সনদের সঙ্গেও সংগতিপূর্ণ নয়।
জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের মার্কিন দাবিতে স্পেনের অনীহা এবং অভিবাসন ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে আগে থেকেই সম্পর্কের অবনতি ঘটেছিল।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজকে স্পেনের বন্দরে ভেড়ার (ডকিং) অনুমতি না দিয়ে মার্কিন ক্ষোভের জন্ম দিয়েছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.