স্পেনের দ্রুতগতির ট্রেন সংঘর্ষে নিহত ৩৯, আহত প্রায় ১০০

প্রকাশ :

সংশোধিত :

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে এটি অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে। এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আরটিভিই-এর বরাত দিয়ে।

স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। এই সময় তা বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়, ফলে সেই ট্রেনও লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাস্থলে থাকা দুই ট্রেনে মোট প্রায় চার শতাধিক যাত্রী ছিলেন। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, কমপক্ষে ৭৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে; তাদের মধ্যে চার শিশুসহ ২৪ জনের অবস্থা গুরুতর।

উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেন দুমড়ে-মুচড়ে যাওয়ায় জীবিতদের উদ্ধার এবং মৃতদেহ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শোক প্রকাশ করে বলেন, দেশ আজ ‘গভীর বেদনার রাত’ পার করছে। দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, দুর্ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’ মনে হচ্ছে। তবে এখনো এর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি; তদন্তে অন্তত এক মাস সময় লাগতে পারে।

কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ফ্রান্সিসকো কারমোনা বলেন, বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে, ধাতু মচকে গেছে। এর মধ্যে মানুষ আটকা পড়ে আছে। উদ্ধারকাজে প্রায়শই মৃতদেহ সরাতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার সমস্ত রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সোমবারও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সর্বশেষ খবর