সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশের উত্তরাঞ্চল

প্রকাশ :
সংশোধিত :

ভারতের সিকিম রাজ্যে গত রাতে মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে মোট ১৩ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশ—কোনো প্রান্তেই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় মূল ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এই মূল কম্পনের পর শুরু হয় একের পর এক ‘আফটারশক’। সংস্থাটি জানিয়েছে, এই মূল কম্পনের পর শুরু হয় একের পর এক আফটারশক। মঙ্গন এলাকায় ৭টি এবং নামচিতে ৪টি ছোট কম্পন ধরা পড়ে। গ্যাংটকেও ৩.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ঘন ঘন কম্পনে সিকিমে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝরাতে বহু পর্যটক হোটেল ছেড়ে এবং স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে রাস্তায় নেমে আসেন।
সিকিমের এই ভূমিকম্পের রেশ এসে পড়ে বাংলাদেশের উত্তরাঞ্চলেও। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সাগর, সুমন ও নিরব জানান, হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠে। কম্পনের স্থায়িত্ব কম হলেও গভীর রাতে এমন ঘটনায় অনেকেই ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপত্তার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তবে প্রশাসনের তথ্য অনুযায়ী, বাংলাদেশেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


For all latest news, follow The Financial Express Google News channel.