পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি: ১৯২ আসনে এগিয়ে

প্রকাশ :
সংশোধিত :

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের ভোটগণনায় এখন পর্যন্ত ১৯২টিতে এগিয়ে রয়েছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৫টি আসনে। এছাড়া একটি আসনে সিপিএম এবং পাঁচটি আসনে অন্যান্য প্রার্থীরা এগিয়ে আছেন।
রাজ্যের মোট আসনসংখ্যা ২৯৪। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন ওই আসনের ভোট বাতিল করেছে। সেখানে আগামী ২১ মে পুনঃভোট এবং ২৪ মে গণনা অনুষ্ঠিত হবে। ফলে সোমবার ফলতা বাদে বাকি ২৯৩টি আসনের ভোটগণনা চলছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হয়। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে দুই প্রধান দলের মধ্যে ব্যবধান কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বর্তমানে তৃণমূলের তুলনায় প্রায় ১০০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।
গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তিন স্তরের নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে গণনাকেন্দ্রগুলো। রাজনৈতিক দলের অনুমোদিত কাউন্টিং এজেন্টদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। তবে কোনো এজেন্টকে মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই; কেবল নির্বাচনী কর্মকর্তারাই ফোন ব্যবহার করতে পারছেন।
গণনায় বিশেষ নজর রয়েছে ভবানীপুর আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর ফলাফলের দিকে। পাশাপাশি তৃণমূলের বিভিন্ন তারকা প্রার্থী—ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাঁজা ও মধুপর্ণা ঠাকুরের ফলাফলও গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণজ্যোতি তিওয়ারি ও রত্না দেবনাথের ফলাফলেও আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে।
এ ছাড়া বাম ও অন্যান্য দলের পরিচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদীপ মিত্র। কংগ্রেসের প্রার্থীদের মধ্যে রয়েছেন অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম ও আবদুর রাজ্জাক মোল্লা। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নওশাদ সিদ্দিকীর ফলাফলও আলোচনায় রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.