মণিপুর রাজ্যে ফের অস্থিরতা

প্রকাশ :
সংশোধিত :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের অস্থিরতা দেখা দিয়েছে। শনিবার বিকেলের পর থেকেই রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইম্ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর রাজ্যের কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং কারফিউ জারি করা হয়েছে।
এএফপি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষ্ণুপুর জেলায় কারফিউ এবং ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল ও কাকচিঙে জনসমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
মণিপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ও ভিডিও ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করছেন। এজন্য আগামী পাঁচদিনের জন্য ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অশান্তির সূত্রপাত ঘটে মেইতেই গোষ্ঠীর পাঁচ সদস্য, বিশেষ করে আরামবাই টেংগোল গোষ্ঠীর নেতাদের গ্রেপ্তারের পর। অভিযোগ রয়েছে, তারা কোয়াকেইথেল পুলিশ পোস্টে হামলা চালায়। এই গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, রাস্তায় টায়ার জ্বালানো হয় এবং সড়ক অবরোধ করা হয়।
ইম্ফলের বাসিন্দারা গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেন। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি চালায়, এতে দুই সাংবাদিকসহ তিনজন আহত হন।
এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নেতা কানন সিংয়ের মুক্তির দাবিতে কিছু যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতি দেওয়ার হুমকি দিয়েছে। কানন সিং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা এবং অপহরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত।


For all latest news, follow The Financial Express Google News channel.