মেক্সিকোয় পৌঁছাল ইরানি বিশ্বকাপ দল

প্রকাশ :

সংশোধিত :

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলতে ইরান জাতীয় ফুটবল দল মেক্সিকোর সীমান্ত শহর টিহুয়ানায় পৌঁছেছে। রোববার (৭ জুন) ভোরে তুরস্ক থেকে রাতভর ফ্লাইটে যাত্রা শেষে দলটি শহরটিতে অবতরণ করে।

গত তিন সপ্তাহ ধরে ইরান দল তুরস্কে অনুশীলন করছিল। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে তাদের বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে টিহুয়ানায় নেওয়া হয়।

ইরান ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্র দলটির খেলোয়াড়দের ভিসা দিলেও কিছু গুরুত্বপূর্ণ ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়নি।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর দেশটিতে খেলতে যেতে আপত্তি জানায় ইরান, যার ফলে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই জটিলতা অনেকটাই কেটে গেছে বলে ধারণা করা হচ্ছে।

১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আয়োজক দেশের সঙ্গে একটি অংশগ্রহণকারী দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিদ্যমান।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার থেকে ১৯ জুলাই পর্যন্ত।

‘জি’ গ্রুপে ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে-১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। তৃতীয় ম্যাচটি সিয়াটলে ২৬ জুন মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর