মার্কিনদের ৬১% ইরানে হামলার বিরুদ্ধে, সংকটে ট্রাম্পের জনপ্রিয়তা

প্রকাশ :
সংশোধিত :

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে জনপ্রিয়তার চরম সংকটে রয়েছেন। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ইরানের ওপর সামরিক হামলা এবং এর ফলে জ্বালানি তেলের উর্ধ্বমুখী দামের কারণে মার্কিনিদের মধ্যে ট্রাম্পের গ্রহণযোগ্যতা কমছে। জরিপে ৬১ শতাংশ মার্কিনি ইরানে হামলার বিপক্ষে অবস্থান জানিয়েছেন।
রয়টার্স/ইপসোস পরিচালিত চারদিনব্যাপী জরিপ গত ২৩ মার্চ শেষ হয়েছে। এতে দেখা গেছে, বর্তমানে মাত্র ৩৬ শতাংশ আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পারফরম্যান্সে সন্তুষ্ট। এটি গত সপ্তাহের ৪০ শতাংশের তুলনায় কম। চলতি মেয়াদের শুরুতে তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ। বর্তমানের এই ৩৬ শতাংশ তার আগের মেয়াদের সর্বনিম্ন হার (৩৩ শতাংশ) এবং জো বাইডেনের সর্বনিম্ন রেটিংয়ের (৩৫ শতাংশ) কাছাকাছি পৌঁছেছে।
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের মূল প্রতিশ্রুতি ছিল “স্পন্দনশীল অর্থনীতি” গড়ে তোলা। কিন্তু ইসরাইলকে সঙ্গে নিয়ে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ট্রাম্পের অর্থনৈতিক পরিচালনায় আস্থা রাখছেন মাত্র ২৯ শতাংশ নাগরিক। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে পদক্ষেপে সন্তুষ্ট মাত্র ২৫ শতাংশ মানুষ।
রিপাবলিকান কৌশলবিদ ও আইনজীবী অ্যামান্ডা মাক্কি বলেছেন, ‘‘জনগণের এটা জানা অত্যন্ত জরুরি যে প্রেসিডেন্ট তাদের কষ্ট অনুভব করছেন এবং দ্রুতই কোনো সহায়তা বা সমাধান আসছে।’’
নির্বাচনী প্রচারে ‘‘বোকামিপূর্ণ যুদ্ধ’’ এড়ানোর কথা বললেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় ট্রাম্পের নিজের দলের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। জরিপে মার্কিন হামলার পক্ষে সমর্থন কমে ৩৫ শতাংশে নেমেছে, যখন বিপক্ষে অবস্থানকারী ৬১ শতাংশ।
রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের অবস্থান এখনও শক্তিশালী থাকলেও, জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তুষ্টির হার বেড়ে ২৭ শতাংশ থেকে ৩৪ শতাংশে পৌঁছেছে। বিশ্লেষকরা মনে করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যুদ্ধের অনিশ্চয়তা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি শেষে প্রথম হামলা চালানো হলেও সময়ের সঙ্গে সঙ্গে জনমত আরও স্পষ্টভাবে যুদ্ধবিরোধী হয়ে উঠেছে।


For all latest news, follow The Financial Express Google News channel.