লা-গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা উড়োজাহাজ–ফায়ার ট্রাক সংঘর্ষ, দুই পাইলট নিহত

প্রকাশ :
সংশোধিত :

নিউ ইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি উড়োজাহাজ অবতরণের সময় রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে উড়োজাহাজের দুই পাইলট প্রাণ হারান এবং কয়েক ডজন মানুষ আহত হন।
মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ মডেলের উড়োজাহাজটি রানওয়েতে থাকা একটি দমকলের ট্রাককে ধাক্কা দেয়। স্থানীয় সময় রোববার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর লা-গার্ডিয়া বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রাত ১১টা ৩৭ মিনিটের দিকে উড়োজাহাজটি প্রায় ঘণ্টায় ৩৯ কিলোমিটার গতিতে ফায়ার ট্রাকটিকে আঘাত করে। উড়োজাহাজটিতে মোট ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
নিউ ইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথোরিটির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া জানান, আহত ৪১ জনের মধ্যে ৩২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে যাত্রী ও ক্রু ছাড়াও ফায়ার ট্রাকে থাকা দুই কর্মকর্তা রয়েছেন। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন সার্জেন্ট ও আরেকজনের হাত-পা ভেঙে গেছে, তবে তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, উড়োজাহাজের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি উঁচু হয়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম সোমবার রাত ২টা পর্যন্ত বন্ধ থাকতে পারে। জরুরি পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দরের তথ্য অনুযায়ী, সেখানে আগত উড়োজাহাজগুলোকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে বা যাত্রা শুরু করা স্থানেই ফিরে যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, এয়ার কানাডা এক্সপ্রেসের আঞ্চলিক ফ্লাইট পরিচালনা করে জাজ এয়ার কানাডা, যা কোরাস অ্যাভিয়েশনের মালিকানাধীন। সিআরজে-৯০০ উড়োজাহাজে সাধারণত ৭৬ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.