কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশনকে বেছে নিল কংগ্রেস

প্রকাশ :
সংশোধিত :

কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অবশেষে ভিডি সতীশন-কে নির্বাচিত করেছে কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের কেরালা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।
এবারের কেরালা বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস–এর নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ) ১০২টি আসনে জয় পায়। বিরোধীদলীয় নেতা সতীশন ছাড়াও মুখ্যমন্ত্রী পদে আলোচনায় ছিলেন কেসি বেণুগোপাল এবং রমেশ চেন্নিতালা।
দলীয় সূত্রে জানা যায়, শুরুতে কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে বেণুগোপালের নাম প্রস্তাব করা হলেও পরে অনেক বিধায়ক সতীশনকে মুখ্যমন্ত্রী করার পক্ষে অবস্থান নেন। তাদের মতে, ২০২১ সালের পরাজয়ের পর কংগ্রেস ও ইউডিএফকে পুনরায় জয়ের ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
ভিডি সতীশন দীর্ঘদিন ধরে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কেরালার এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের প্রতিনিধি। তিনি দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যেও বেশ জনপ্রিয়।
এর আগে বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-এর বাসভবনে রাহুল গান্ধীসহ শীর্ষ নেতারা প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, কেরালার মুখ্যমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে।
সেই সিদ্ধান্ত অনুযায়ীই আজ আনুষ্ঠানিকভাবে সতীশনের নাম ঘোষণা করা হয়। তবে তার শপথগ্রহণের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।


For all latest news, follow The Financial Express Google News channel.