জাপানে নির্বাচন ঘোষণা: পার্লামেন্ট ভেঙে ভোটের পথে তাকাইচি

প্রকাশ :
সংশোধিত :

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন, যা আগামী মাসে নির্বাচনের পথ সুগম করবে। এই নির্বাচনের মাধ্যমে তিনি আশা করছেন জনগণ তাকে দেশ পরিচালনার জন্য শক্তিশালী ম্যান্ডেট দেবে।
এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, এটি একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’, যা জনগণের সঙ্গে সমন্বয় করে জাপানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি ভোটারদের অনুরোধ করেন, জাপান পরিচালনার দায়িত্ব তার উপর অর্পণ করুন।
বিবিসির তথ্য অনুযায়ী, নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৬৫ জন সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
গত অক্টোবর মাসে ক্ষমতায় আসার পর তাকাইচি ও তার মন্ত্রিসভা ব্যাপক জনসমর্থন লাভ করেছে। তার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বর্তমানে প্রতিনিধি পরিষদে ১৯৯টি আসন ধরে রেখেছে, যা যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্স জানায়, তাকাইচি বলেছেন যে ৮ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তিনি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, কর হ্রাস এবং নতুন নিরাপত্তা কৌশল বাস্তবায়নের জন্য ভোটারদের সমর্থন চাইবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎ বাজি ধরছি। জনগণ সরাসরি বিচার করবে যে তারা আমাকে দেশের ব্যবস্থাপনার দায়িত্ব দেবেন কি না।’
তাকাইচি খাদ্যের ওপর ৮ শতাংশ ভোগ কর দুই বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার ব্যয় পরিকল্পনা কর্মসংস্থান বৃদ্ধি, পরিবারের ব্যয় সামলানো এবং অন্যান্য কর রাজস্ব বৃদ্ধি করবে।


For all latest news, follow The Financial Express Google News channel.