ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

প্রকাশ :
সংশোধিত :

ইন্দোনেশিয়ার বালিতে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন যাত্রী ও ক্রু ছিল বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা।
বুধবার (২ জুলাই) রাতে ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় ৩০ মিনিট পরই ফেরিটি সাগরে ডুবে যায়।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বিএএসএআরএনএএস) জানিয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।
বানিউয়াঙ্গি জেলার পুলিশ প্রধান রামা সামতামা পুত্রা জানিয়েছেন, এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মাঝে দীর্ঘ সময় ভেসে থাকার ফলে অচেতন অবস্থায় ছিলেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে কাজ করছে। সাগরে ঢেউয়ের উচ্চতা দুই মিটার পর্যন্ত উঠছিল, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ফেরি দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় নিয়মিত ঘটনা। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং মানুষজন দ্বীপ থেকে দ্বীপে যাতায়াতে ফেরির ওপর নির্ভর করে। অনেক সময়ই এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


For all latest news, follow The Financial Express Google News channel.