গ্রিনল্যান্ডে রাশিয়ান হুমকি ঠেকাতে ব্যর্থ ডেনমার্ক: ট্রাম্প

প্রকাশ :

সংশোধিত :

গ্রিনল্যান্ডে ‘রাশিয়ান হুমকি’ মোকাবিলায় ডেনমার্ক কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৮ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।

ট্রাম্প লেখেন, গত দুই দশক ধরে ডেনমার্ককে বারবার বলা হয়েছে গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশটি এ ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি।

রয়টার্স এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস, ইউরোপীয় ইউনিয়নে ডেনিশ প্রেসিডেন্সি এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন। তবে তার এই দাবির কঠোর বিরোধিতা করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতৃত্ব। তারা স্পষ্টভাবে জানিয়েছে, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

শনিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে না পারা পর্যন্ত ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ করা হবে।

এ ছাড়া ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার দিক থেকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যদিও ডেনমার্ক ও অন্যান্য ইউরোপীয় কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড ইতোমধ্যেই ন্যাটোর সম্মিলিত নিরাপত্তা চুক্তির আওতায় রয়েছে।

সর্বশেষ খবর