বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

প্রকাশ :

সংশোধিত :

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে ভারতের অবস্থান ইতোমধ্যেই ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে।

আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তিনি জানান, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও ভারত বাংলাদেশকে অতিরিক্ত জ্বালানি সহায়তা দিয়ে যাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার ঢাকা সফরের প্রসঙ্গ তুলে ধরে জয়সওয়াল বলেন, এসব সফরই দুই দেশের বর্তমান সম্পর্কের দিকনির্দেশনা তুলে ধরে।

প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ভারত নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে হাই-স্পিড ডিজেল পাঠানো হচ্ছে এবং বাংলাদেশের অতিরিক্ত চাহিদাও পূরণ করা হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই ভারতের অগ্রাধিকার এবং বিষয়টিকে সে দৃষ্টিভঙ্গিতেই দেখা হচ্ছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী জানান, আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে নির্ধারিত সময়ের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতারের মাধ্যমে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ আর নেই এবং বাংলাদেশ সরকার ও জনগণ এ ধরনের পদক্ষেপে ভীত নয়।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, পশ্চিমবঙ্গ সরকারের এ সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত যদি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আসে, তখন বাংলাদেশ কূটনৈতিকভাবে বিষয়টি বিবেচনা করবে।

সর্বশেষ খবর