আস্থা ভোটে বড় জয় পেলেন থালাপতি বিজয়

প্রকাশ :
সংশোধিত :

তামিলনাডু বিধানসভায় অনুষ্ঠিত এক নাটকীয় আস্থা ভোটে বড় ধরনের জয় পেয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরন জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। তার নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে) সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন সংখ্যাগরিষ্ঠ বিধায়করা।
চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় গত মাসের বিধানসভা নির্বাচনে টিভিকেকে বিজয়ী করে রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেন।
আজ বুধবার (১২ মে) অনুষ্ঠিত আস্থা ভোটে বিজয়ের সরকারের পক্ষে ভোট দেন ১৪৪ জন বিধায়ক। বিপক্ষে অবস্থান নেন ২২ জন, আর ভোটদানে বিরত থাকেন পাঁচজন সদস্য। সরকার টিকিয়ে রাখতে যেখানে ১১৮ ভোট প্রয়োজন ছিল, সেখানে তার চেয়ে অনেক বেশি সমর্থন পেয়েছেন বিজয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটাভুটির আগে সাবেক মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (ডিএমকে) ৫৯ জন বিধায়ক অধিবেশন কক্ষ ত্যাগ করেন। অন্যদিকে, বিধানসভায় তৃতীয় বৃহত্তম দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) ভোটদানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এডিএমকের ২৫ জন বিধায়ক বিজয়ের প্রতি সমর্থন বজায় রাখেন। সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার দলের এই ‘বিদ্রোহী’ সদস্যরা দলনেতা ইকে পলানীস্বামীর নির্দেশ অমান্য করে বিজয় সরকারের পক্ষেই ভোট দেন।
বিশ্লেষকদের মতে, এআইএডিএমকের এই ভাঙনের ইঙ্গিত ভবিষ্যতে দলটির বিভক্তির কারণ হতে পারে।
আস্থা ভোটে জয়ের পর বিজয় বলেন, “বাঁশি আমাদের ইতিহাস গড়ার প্রতীক হয়ে উঠেছে। আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলি, কারণ এই সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
আস্থা ভোটে টিভিকের মিত্র দল কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সব বিধায়কই বিজয়ের সরকারের প্রতি সমর্থন জানান।


For all latest news, follow The Financial Express Google News channel.