যুদ্ধবিরতির পর হরমুজ পেরোতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা

প্রকাশ :

সংশোধিত :

ইরানে চলমান সংঘাত শুরুর পর হরমুজ প্রণালির মধ্যে পারস্য উপসাগরে আটকা পড়ে যায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। তবে বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরপরই হরমুজ প্রণালি অতিক্রম করতে নোঙর তুলেছে জাহাজটি। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন এই জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক অবস্থান করছেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা দিয়েছে এবং একই সময়ে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। জাহাজটির গতিবেগ ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ১০ দশমিক ৮০ মিটার।

জাহাজের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাইকৃত জাহাজটি দাম্মামের বহির্নোঙরে অবস্থান করছিলো। যুদ্ধবিরতির পর নোঙর তোলা হয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের দিকে অগ্রসর হচ্ছে। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে যাবে। 

বর্তমানে জাহাজটি হরমুজ থেকে ৪২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এবং হরমুজ অতিক্রম করতে অন্তত আরও দুই দিন (৪০ ঘণ্টা) সময় লাগতে পারে।

বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটি ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

বিএসসির কর্মকর্তারা বলেন, ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতের একটি বন্দরে নতুনভাবে পণ্য বোঝাই করার পরিকল্পনা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। যুদ্ধবিরতির পর এখন জাহাজটি আবার হরমুজের দিকে যাত্রা শুরু করেছে। 

সর্বশেষ খবর