উপদেষ্টার আশ্বাসে ২ দিনের জন্য আন্দোলন স্থগিত, সচল হচ্ছে চট্টগ্রাম বন্দর

প্রকাশ :
সংশোধিত :

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরের চলমান আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করেছেন শ্রমিকরা। উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনরত ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে আন্দোলনরত শ্রমিকদের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান জানান, উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে শ্রমিক নেতাদের বদলির বিষয়টি তিনি দেখবেন। আর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে ইজারা দেওয়ার বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। এই আশ্বাসের ভিত্তিতে আপাতত দুই দিন আন্দোলন স্থগিত করা হয়েছে।
বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “রোজার আগে পোর্ট বন্ধ করে আন্দোলন অত্যন্ত অমানবিক। এর ফলে বিমানের জ্বালানি আটকে যাওয়ায় এয়ারলাইন্সগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি আন্দোলনকারীরা আশ্বস্ত না হয়ে কাজে বাধা দেয়, তবে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে। এই আন্দোলনের পেছনে অন্য কোনো ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হবে।” এছাড়া বন্দরের অচলাবস্থায় হওয়া আর্থিক ক্ষতি নিরূপণে একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন’ পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে উপদেষ্টা পতেঙ্গার বোট ক্লাবে বৈঠকের প্রস্তাব দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে বন্দর ভবনেই বৈঠকের দাবিতে অনড় ছিলেন। অবশেষে তাদের দাবি মেনেই বিকেলে বন্দর ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা।


For all latest news, follow The Financial Express Google News channel.