টিসিবির জন্য ১৮১ কোটি টাকায় পাম অলিন কিনছে সরকার

প্রকাশ :

সংশোধিত :

টিসিবির কার্ডধারী নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল সরবরাহে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত পুনঃদরপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি থেকে এ তেল কিনতে ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ টাকার বেশি।

একইসঙ্গে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ২ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার ইজ সার্ভিসেস লিমিটেড ১৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকায় এই ডাল সরবরাহ করবে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পায়।

সরকারের এই পাম অলিন কেনা সাম্প্রতিক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে এসেছে। আগে সাধারণত মালয়েশিয়া থেকে এ তেল আমদানি হলেও এখন যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে কেনা হচ্ছে। নয় মাসের আলোচনার পর গত ৯ ফেব্রুয়ারি সই হওয়া ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, জ্বালানি ও অন্যান্য পণ্য আমদানির বড় অঙ্গীকার করেছে।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য এবং ১৫ বছরে ১ হাজার ৫০০ কোটি ডলারের এলএনজি আমদানির প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি বিমান বাংলাদেশের জন্য ১৪টি বোয়িং কেনার বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।

এ চুক্তির আওতায় প্রায় ২,৫০০ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। বিপরীতে ৭ হাজারের বেশি ট্যারিফ লাইনে মার্কিন পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যার বড় অংশ তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের কিছু কৃষি ও খাদ্যপণ্যের বাজার প্রবেশ এবং চুক্তির কিছু রাজনৈতিক শর্ত নিয়ে দেশে বিতর্কও রয়েছে।

 

সর্বশেষ খবর