হরমুজ সংকটের প্রভাবে জ্বালানি নিরাপত্তায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশ :

সংশোধিত :

হরমুজ প্রণালিতে অস্থিরতা ও জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কার মধ্যে সরকার পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুই কার্গো সুইজারল্যান্ড থেকে জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে আনা হবে, আর বাকি তিন কার্গো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে কেনা তিন কার্গো এলএনজির জন্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭২ কোটি টাকা, যা গত মাসের একই ধরনের আমদানির তুলনায় বেশি।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপি সিঙ্গাপুর একটি কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার দুটি কার্গো সরবরাহ করবে।

আজ বুধবার (৩ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে একই কমিটির আরেক বৈঠকে দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিস থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল, যার মোট ব্যয় ছিল ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ টাকার বেশি।

তারও আগে ৭ মে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। ওই সময় বিপি সিঙ্গাপুর, ভাইটল এশিয়া এবং গানভর সিঙ্গাপুর থেকে আমদানিকৃত তিন কার্গোর ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ১৮৬ কোটি টাকা।

এছাড়া বুধবারের ক্রয় কমিটির বৈঠকে ৪০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার, বিশ্বব্যাংক ও এলজিইডির অধীনে দুটি জেলায় ৫৩টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ সামগ্রী এবং এক কোটি নতুন কাট-সাইজ বি-টুইল বস্তা কেনার প্রস্তাবও অনুমোদন পায়।

সর্বশেষ খবর