এনসিটি ইজারার সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরে চতুর্থ দিনের মতো কার্যক্রম বন্ধ

প্রকাশ :
সংশোধিত :

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ড’-কে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীদের ২৪ ঘন্টার কর্মবিরতির চতুর্থ দিন চলেছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে বন্দরের বিভিন্ন জেটিতে কন্টেইনার এবং খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরণের কার্যক্রম স্থগিত রয়েছে। পণ্য পরিবহনের জন্য কোনো যানবাহন বন্দরে প্রবেশ করেনি এবং বন্দরের যন্ত্রপাতিও বন্ধ ছিল। কর্মসূচি চলবে বুধবার সকাল ৮টা পর্যন্ত।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবীর বলেন, “সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা আমাদের দাবির সাথে একমত হয়ে কাজ করছে না। কোনো জাহাজ আসছে বা ছাড়ছে না। অপারেশনাল কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ।”
এক বন্দরের র্বাথ অপারেটর জানান, “টানা কর্মবিরতির কারণে মঙ্গলবারও শ্রমিকদের বুকিং দেওয়া যায়নি। জেনারেল কার্গো বাথে কোনো কাজ হচ্ছে না, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছি।”
‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন ধরে প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিল। সোমবার কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টা থেকে তারা ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে।
এদিকে আন্দোলনরত কর্মচারীদের বদলি কার্যক্রমও শুরু হয়েছে। সোমবার ১৫ কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় তাদের বদলির কারণ হিসেবে ‘দাপ্তরিক প্রয়োজন’ উল্লেখ করেছে।


For all latest news, follow The Financial Express Google News channel.