ঈদের ছুটি শেষে পুনরায় সচল বেনাপোল বন্দর: আমদানি-রফতানি শুরু, কমছে পণ্যজট

প্রকাশ :
সংশোধিত :

সাত দিনের ঈদ ছুটি শেষে সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যকার পণ্য লেনদেন শুরু হয়। দীর্ঘ ছুটির কারণে এ সময়ে বন্দরে পণ্য খালাস ও আমদানি-রফতানি পুরোপুরি বন্ধ থাকায় সরকারের গুরুত্বপূর্ণ রাজস্ব আদায় ব্যাহত হয়েছিল এবং পণ্যজট তৈরি হয়েছিল।
ছুটি শেষ হওয়ার পর কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ধীরে ধীরে পণ্যজট কমতে শুরু করেছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানিয়েছেন, ঈদের ছুটির পর সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বেনাপোল বন্দরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক আমদানি এবং ২০০ ট্রাক রফতানি পণ্য আদান-প্রদান হয়। এছাড়া রেলপথেও পণ্য আমদানি হচ্ছে। বন্দরে প্রতিদিন ৫০০–৬০০ ট্রাক পণ্য খালাস হয়। এসব আমদানি পণ্য থেকে দৈনিক প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ ও কেমিকেলসহ বিভিন্ন ধরণের পণ্য। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট, পাটজাত পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিকেল, বসুন্ধরা টিসু, মেলামাইন এবং মাছ।


For all latest news, follow The Financial Express Google News channel.