বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশ :

সংশোধিত :

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কমে আসায় রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছায়, যা ৯ জুনের পর সর্বোচ্চ অবস্থান। একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচারের মূল্যও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৬ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত ধাতু কেনা তুলনামূলকভাবে সহজ হয়েছে, যা বাজারে চাহিদা বাড়াতে সহায়তা করেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চুক্তি এখনো প্রাথমিক পর্যায়ের হলেও এটি সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে এবং তেলের দাম কমাতে ভূমিকা রাখতে পারে। চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর আগামী শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা রয়েছে।

ব্লু লাইন ফিউচারসের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, বাজার ধীরে ধীরে সংঘাতজনিত উদ্বেগ কাটিয়ে উঠছে। তাঁর মতে, শান্তি চুক্তির খবরে ট্রেজারি বন্ডের ফলন, মার্কিন ডলার এবং তেলের দাম কমেছে, যা এতদিন মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াচ্ছিল।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে উত্তেজনার কারণে তেলের দাম বাড়ায় সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। আর সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা গত সপ্তাহের প্রায় ৭০ শতাংশ থেকে কমে ৫৪ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে সুদের হার বিষয়ে ভবিষ্যৎ দিকনির্দেশনা বাজারের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে বলে মনে করা হচ্ছে।

ফিলিপ স্ট্রেইবলের ভাষ্য, স্বর্ণের বাজারের পরবর্তী গতিপথ অনেকাংশে নির্ভর করবে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের ওপর। সুদের হার বিষয়ে তাঁর অবস্থানই বিনিয়োগকারীদের পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে।

এদিকে সিঙ্গাপুর সরকার দেশটিকে বৈশ্বিক স্বর্ণ বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ওভার-দ্য-কাউন্টার স্বর্ণ নিষ্পত্তি ব্যবস্থা চালু এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ সংরক্ষণ সুবিধা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও শক্তিশালী উত্থান দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১ দশমিক ৭ ডলারে পৌঁছেছে। একই হারে বেড়ে প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৬ দশমিক ৪৫ ডলারে। আর প্যালাডিয়ামের দাম ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৩৪৮ দশমিক ৩০ ডলারে উন্নীত হয়েছে।

সর্বশেষ খবর