শনিবার থেকেই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ওনার্স অ্যাসোসিয়েশনের

প্রকাশ :
সংশোধিত :

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত।
সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনও দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।’
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল সতর্ক করে বলেন, বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সংযত না হন, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না। জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয় যে, আগামীকাল (শনিবার) থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।


For all latest news, follow The Financial Express Google News channel.