সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মিলবে ৯.৫ শতাংশ মুনাফা

প্রকাশ :

সংশোধিত :

২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে মুনাফা (সুদ) পাবেন। একই সঙ্গে বিগত দুই বছরের (২০২৪ ও ২০২৫) ক্ষতি সত্ত্বেও গ্রাহকদের জন্য ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের বিপরীতে ২০২৬ সাল থেকে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, এই সুদের হার হবে সম্পূর্ণ বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ ও ২০২৫ সালে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকই বড় অঙ্কের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী, ব্যাংক লোকসানে থাকলে আমানতকারীদের মুনাফা পাওয়ার সুযোগ নেই। তবে বিশেষ বিবেচনায় সরকার ‘অনুকম্পা’ হিসেবে আমানতকারীদের ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাবদ সরকারের মোট ব্যয় হবে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা।

গভর্নর আরও জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাসিক ডিপোজিট স্কিমের বিপরীতে আমানতকারীরা মাস-ভিত্তিতে সুদ পাবেন। তবে মূলধন উত্তোলনের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। বিশেষ করে ২ লাখ টাকার বেশি মূলধন উত্তোলনে গ্রাহকদের অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

আমানতকারীদের ভোগান্তি কমাতে এবং সরাসরি অভিযোগ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহের মধ্যে একটি বিশেষ হটলাইন চালু করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সর্বশেষ খবর