মোবাইল সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে বড় অঙ্কের করপোরেট কর

প্রকাশ :
সংশোধিত :

করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল, দ্রুত ও ঝামেলামুক্ত করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১১ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর দেওয়া আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন এমএফএস-এর মাধ্যমে দিচ্ছে। নতুন এই সুবিধার ফলে তারা এখন উৎসে করসহ বিভিন্ন কর ও ভ্যাট একই প্ল্যাটফর্মে পরিশোধ করতে পারবে। ভবিষ্যতে অন্যান্য এমএফএস প্রদানকারীরাও এই সেবায় যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের দুটি চালান পরিশোধ করা হয়। এর মধ্যে উৎসে কর বাবদ ১৩ কোটি টাকা এবং মূসক (ভ্যাট) বাবদ ৬৪ কোটি টাকা জমা দেওয়া হয়। এর ফলে করপোরেট করদাতারা ব্যাংকে সশরীরে উপস্থিত না হয়েই ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের সুযোগ পেলেন।
নতুন এই সেবার মাধ্যমে এনবিআরের ‘ই-টিডিএস’ সিস্টেমে উৎসে কর এবং অর্থ বিভাগের ‘এ-চালান’ সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাচ্ছে।
এনবিআরের কর্মকর্তারা জানান, এই ডিজিটাল উদ্যোগের ফলে কর পরিশোধে স্বচ্ছতা বাড়বে এবং লেনদেনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সরকারের রাজস্ব প্রশাসন আধুনিকায়ন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস সরকারি আর্থিক সেবা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ অব্যাহত থাকবে।


For all latest news, follow The Financial Express Google News channel.