জ্বালানি আমদানিতে ‘বিকল্প ব্যবস্থা’, সংকটের নেপথ্যে ‘প্যানিক বায়িং’: জ্বালানি মন্ত্রণালয়

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশ :

সংশোধিত :

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির ব্যবস্থা করেছে জ্বালানি মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেছেন, “আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনো আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি।

“আমি আজকে সকালবেলাও মিটিং করেছি। মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে, প্রত্যেকটাই অন টাইম। ফলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।”

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু সরবরাহ চুক্তিতে জটিলতা তৈরি হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগত জাহাজগুলো সময়মতো পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।”

তিনি বলেন, “জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২ হাজার ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

দেশে জ্বালানির কোনো সংকট নেই মন্তব্য করে মুখপাত্র মনির হোসেন বলেন, “ডিজেলের বার্ষিক চাহিদা প্রায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং পেট্রোল-অকটেন মিলিয়ে দৈনিক চাহিদা প্রায় ১,২০০ মেট্রিক টন।”

ফিলিং স্টেশনগুলো কেন তেল পাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা পাম্পগুলোতে গত বছর যা সরবরাহ করছি, এ বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি।

“কিন্তু এটা আসলে আপনারা জানেন যে—মানুষের মধ্যে প্যানিক বায়িংটা এখনো বন্ধ হয়নি। যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতেই ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে।”

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বুধবার বলেন, পারস্য উপসাগরে থাকা ছয় বাংলাদেশি জাহাজ ‘দ্রুত সময়ে’ হরমুজ প্রণালি পার হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, “প্রথম কথা হচ্ছে যে ছয়টা জাহাজের কথা আপনি বলছেন, এটা সম্ভবত ইরানের মান্যবর রাষ্ট্রদূতের রেফারেন্স দিয়ে বলছেন আপনি। আমরা অফিসিয়াল চিঠি এখনো পাই নাই।

“অফিসিয়াল চিঠি পেলে বিষয়ে আমি কথা বলতে পারব। তবে আমিও জেনেছি আপনার মত। এর মধ্যে পাঁচটা হচ্ছে এলএনজি আর একটা হচ্ছে ক্রুড যেটা আপনি নর্ডিক বললেন। তো দুটোর ব্যাপারে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।”

সর্বশেষ খবর