চট্টগ্রাম কাস্টমস হাউসে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি আটক

প্রকাশ :
সংশোধিত :

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত ৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেইট) আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ঢাকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের গোয়েন্দা টিম এ এ আটক অভিযান সম্পন্ন করে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান কেরানিগঞ্জের এজাজ ট্রেডিং পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণা দিয়ে চীন থেকে একটি কন্টেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। আমদানিকৃত পণ্য গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরে অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউস উক্ত পণ্যের খালাস স্থগিত করে এবং গত ৬ নভেম্বর তারিখে এসব পণ্য পরীক্ষার সময় পাওয়া দুই ধরনের পণ্যের নমুনা উত্তোলনপূর্বক চট্টগ্রাম কাস্টমস হাউসের ল্যাবে রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।
পরে এ রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে ওই দুই শ্রেণির পণ্যের মধ্যে একটিতে ১৭ হাজার ৮০০ কেজি পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া গেলেও বাকি ৪ হাজার ২০০ কেজি পণ্যকে ঘনচিনি হিসেবে শনাক্ত করা হয়।
ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেইট) একটি কৃত্রিম মিষ্টিকারক (আর্টিফিশিয়াল সুইটনার) যা সাধারণ চিনির চেয়ে প্রায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক এবং শিশু খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে কতিপয় অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকারক কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকে। ঘনচিনি দিয়ে তৈরি খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘনচিনির দ্বারা প্রস্তুত খাদ্য ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিধায় সরকার আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুসারে পণ্যটিকে আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে।
নিষিদ্ধ ঘনচিনি আমদানি করায় কাস্টমস আইন, ২০২৩ এর বিধান মোতাবেক পণ্যচালানটি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য যে, গত ১৬ সেপ্টেম্বর এবং ২৮ অক্টোবর তারিখে পৃথক চালানে আমদানিকৃত প্রায় ১০০ টন ঘনচিনির দু'টি পণ্যচালান আটক করে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে চট্টগ্রাম কাস্টমস হাউস।


For all latest news, follow The Financial Express Google News channel.