বুধবার নাসা গ্রুপের একটি কারখানা খুলবে: শ্রমমন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

পোশাক খাতের কোম্পানি নাসা গ্রুপের নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের ‘স্বাভাবিক কার্যক্রম’ আবার শুরু হতে যাওয়ার তথ্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শ্রম মন্ত্রণালয়ে কারখানাটির কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এমন কথা বলেছেন।

তথ্য বিবরণীতে এ বিষয়ে বলা হয়, গত ৫ এপ্রিল নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানে শ্রমমন্ত্রী এ সভার আয়োজন করেন।

চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের ঘণিষ্ঠ ব্যাবসায়ী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হলে তার কারখানায় সংকট দেখা দেয়। নজরুল ইসলাম গ্রেপ্তারের পর থেকে এখনো কারাগারে আছেন।

অর্থ সংকটের কারণে রোজার ঈদের পর থেকে নাসা গ্রুপের এ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

নাসার গ্রুপের সঙ্গে সভায় শ্রমমন্ত্রী কর্মসংস্থানের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধিবিধানের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কোনো শ্রমিক বা কর্মচারীকে কোনো প্রকার হয়রানি না করার জন্য শ্রমমন্ত্রী নাসা গ্রুপের উদ্যোক্তাদের পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যাংক লেনদেন সংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরেন এবং এগুলো নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন বলে জানানো হয় তথ্য বিবরণীতে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস, শ্রম সচিব আব্দুর রহমান তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএর প্রতিনিধিরা।

সর্বশেষ খবর