বিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) আয়কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রজ্ঞাপনটিতে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদমর্যাদায় বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।


For all latest news, follow The Financial Express Google News channel.