বিদেশি অপারেটরের হাতে এনসিটি: লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

প্রকাশ :
সংশোধিত :

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। বুধবারও (৪ ফেব্রুয়ারি) বন্দরের কোনো জেটিতে কাজ হচ্ছে না, বন্ধ রয়েছে সব ধরনের অপারেশনাল কার্যক্রম।
আন্দোলনরত শ্রমিকদের কর্মবিরতির ফলে আজ (বুধবার) সকাল থেকেই বন্দরের সাধারণ কার্গো বার্থ ও কনটেইনার জেটিসহ কোথাও পণ্য ওঠানামার কাজ হয়নি। বহির্নোঙর থেকে জাহাজ চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে। সব মিলিয়ে বন্দর এলাকায় এখন সুনসান নীরবতা বিরাজ করছে। জেনারেল কার্গো বার্থের বেসরকারি অপারেটররা আজ শ্রমিক বুকিং দিতে না পারায় সেখানেও কাজ বন্ধ রয়েছে।
এনসিটি পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে শুরুতে ‘বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল’ কর্মসূচির ডাক দিলেও বর্তমানে তা ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে পালিত হচ্ছে।
এনসিটি পরিচালনার ভার ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিনে জাতীয়তাবাদী শ্রমিকদলের নামে কর্মসূচি দেওয়া হলেও সেদিন বিকালে জানানো হয়- তাদের এ কর্মসূচি চলবে ‘বন্দর রক্ষা সংগ্রম পরিষদ’র নামে।
সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করে বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলার মধ্যে কর্মসূচি অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা আসে।।
বন্দর কর্তৃপক্ষ আন্দোলন দমাতে বেশ কয়েকজন শ্রমিক-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি বা ‘স্ট্যান্ড রিলিজ’ করলেও আন্দোলনকারীরা পিছু হটেনি।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, “এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের কর্মবিরতি চলছে। সকল শ্রমিক-কর্মচারী আমাদের ডাকে সাড়া দিয়ে চলমান কর্মসূচি সফল করছেন। বন্দরের ভেতরে এখন সুনসান নীরবতা, কোনো পণ্য ডেলিভারি হচ্ছে না, জাহাজেও কোনো কাজ হচ্ছে না।”


For all latest news, follow The Financial Express Google News channel.