আবার বাড়ল স্বর্ণের দাম: ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

প্রকাশ :

সংশোধিত :

দেশের বাজারে আবারও বড় লাফ দিয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছে, যা গত ৬ এপ্রিলের দাম কমানোর সিদ্ধান্তের ঠিক দুদিন পরেই কার্যকর হলো। নতুন এই দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৫২,৪০৯ টাকা, ২১ ক্যারেট ২,৪০,৯২০ টাকা, ১৮ ক্যারেট ২,০৬,৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারিত হয়েছে ১,৬৮,১৯৫ টাকা।

মাত্র দুই দিন আগে ভরিতে ২,১৫৮ টাকা কমানো হলেও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও দামের অস্থিরতার কারণে সেই কমার ধারা স্থায়ী হয়নি এবং স্বর্ণের বাজার আবারও চড়া মূল্যের রেকর্ডে প্রবেশ করল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫,৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫,৫৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪,৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৬ সালে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে চরম অস্থিরতা দেখা যাচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩২ বার।

সর্বশেষ খবর