শেয়ার লেনদেন দিনে দিনে নিষ্পত্তির পরিকল্পনা সরকারের

প্রকাশ :

সংশোধিত :

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পুঁজিবাজারে শেয়ার লেনদেন আরও দ্রুত করতে ‘টি+শূন্য’ (T+0) নিষ্পত্তি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে চালু থাকা ‘টি+টু’ (T+2) পদ্ধতি ধাপে ধাপে কমিয়ে ‘টি+শূন্য’ পর্যায়ে আনা হবে।

বর্তমান ব্যবস্থায় শেয়ার কেনাবেচার পর লেনদেন সম্পন্ন হতে দুই কার্যদিবস সময় লাগে। নতুন পদ্ধতি চালু হলে শেয়ার ও অর্থের নিষ্পত্তি একই দিনেই সম্পন্ন করা সম্ভব হবে।

পুঁজিবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে অর্থমন্ত্রী বেশ কিছু সংস্কার পরিকল্পনাও তুলে ধরেন। তিনি জানান, ভালো মানের কোম্পানিকে বাজারে আনতে তালিকাভুক্তির পুরো প্রক্রিয়া ডিজিটাল করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত আবেদন জমা, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন ও অনুমোদনের সব ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে।

এছাড়া ইস্যুকারী প্রতিষ্ঠান, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে পেনশন তহবিল, বীমা কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ডসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিত করা হবে।

তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর তথ্যব্যবস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।

পাশাপাশি দেশের কোম্পানিগুলোর জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জগুলোতে দ্বৈত তালিকাভুক্তির (ডুয়াল লিস্টিং) সুযোগ সৃষ্টি করা যায় কি না, তাও খতিয়ে দেখা হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী।

সর্বশেষ খবর