শিরোপা জয়ী অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশ :
সংশোধিত :

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের জন্য বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। বিজয়ের মাসে এই আন্তর্জাতিক অর্জনের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি।”
এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। জবাবে, বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ের মুখে শুরু থেকেই চাপে পড়ে ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
উল্লেখ্য, ২০২৩ সালে একই ভেন্যুতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।


For all latest news, follow The Financial Express Google News channel.