পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মঈনুল ইসলাম। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে পৃথক আরেকটি আদেশের মাধ্যমে তাকে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের আগে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ড. মঈনুল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীতে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স অ্যান্ড টেকনোলজি অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৯৫ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের (INST) স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি আইএনএসটি-এর পরিচালক, ভৌত বিজ্ঞান বিভাগের পরিচালক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালকসহ কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ন্যাশনাল লিয়াজোঁ অফিসার (NLO) হিসেবেও ভূমিকা রেখেছেন।
ড. মঈনুল ইসলাম ‘পরমাণু শক্তি কেন্দ্র স্থাপন প্রকল্প, চট্টগ্রাম’-এর প্রকল্প পরিচালক ছিলেন। তিনি ফোরাম ফর নিউক্লিয়ার কো-অপারেশন ইন এশিয়া (FNCA)-এর আওতায় রেডিয়েশন সেফটি প্রজেক্ট এবং IAEA-এর কারিগরি সহযোগিতার বিভিন্ন প্রকল্পের প্রজেক্ট কাউন্টারপার্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি IAEA-এর ওয়েস্ট সেফটি স্ট্যান্ডার্ড কমিটির (WASC) সদস্য।
তেজস্ক্রিয় বিকিরণ নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.