গুগলের অ্যাপ স্টোর উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত

প্রকাশ :
সংশোধিত :

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুল পরিচিত সার্চ ইঞ্জিন গুগলের অ্যাপ ব্যবসার ধরন পাল্টাতে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার দেওয়া এই রায়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের শুধু গুগলের অ্যাপ স্টোরের মধ্যে সীমাবদ্ধ না রাখে অন্যান্য উৎস থেকেও অ্যাপ ডাউনলোড ও ক্রয়ের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২০২০ সালে গুগলের বিরুদ্ধে অ্যাপের ব্যবসায় একচেটিয়াতন্ত্র প্রতিষ্ঠায় গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে নিজেদের প্লে স্টোর এককভাবে ইনস্টল করে প্রতিযোগীদের অন্যায়ভাবে এই ব্যবসা থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগে এপিক গেমস স্টোর নামের এক অ্যাপ স্টোরের করা মামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আদালত এ আদেশ দেন।
এ ব্যাপারে আদালতের রায়ে আরও বলা হয় আগামী তিন বছরের জন্য গুগল তার গ্রাহকদের অ্যাপ থেকে কিছু কেনার সুযোগ বন্ধ করতে তো পারবেই না বরং এর পাশাপাশি গুগলের প্রতিযোগী অন্যান্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সুযোগ দিতে হবে।
এই রায়ের মধ্য দিয়ে ফোন কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে আগে থেকে গুগল অ্যাপ ইনস্টল করে দেওয়ার ব্যাবসায়িক রীতি নিষিদ্ধ করা হয়েছে। আরও একটি বিষয় হলো প্লে স্টোর থেকে যে রাজস্ব আয় হয়, সেই রাজস্ব অন্যান্য অ্যাপ বিতরণকারী কোম্পানিগুলোর সঙ্গে ভাগাভাগির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রায়ে মার্কিন আদালত আরও বলেছে, এখন গুগল ও এপিকের কাজ হলো এই রায় বাস্তবায়নে তিন সদস্যের কারিগরি কমিটি গঠন করা। এপিক ও গুগলের পাশাপাশি তৃতীয় পক্ষের কেউ না কেউ থাকতে হবে।
রায়ের বিষয়ে এপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম সুইনি সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, অ্যাপ স্টোর নিয়ে আদালতের সাম্প্রতিক এই রায় তাৎপর্যপূর্ণ। এপিক গেম স্টোরসহ অন্যান্য অ্যাপ স্টোর ২০২৫ সালে গুগল প্লেতে যোগ দেবে।
তিনি আরও বলেন, গুগল যেন এককভাবে কর্তৃত্ব করতে না পারে, তা নিশ্চিত করতে অ্যাপ ও স্টোর নির্মাতাদের হাতে এখন তিন বছর সময় আছে; এর মধ্যে তাদের প্রতিযোগিতামূলক অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম তৈরি করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদ অনুযায়ী এ রায়ের মাধ্যমে গুগল প্লে স্টোরের একচেটিয়া ব্যবসা বন্ধ হবে। আদালতের এই রায়ে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারের দাম কমেছে। গতকাল সোমবার এই কোম্পানির শেয়ারের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ১৬৪ দশমিক ৩৯ ডলারে নেমে এসেছে।
গুগল বলেছে, আদালতের এই রায়ে এপিক প্লে স্টোর সম্ভবত খুশি হবে তা ঠিক; কিন্তু এই রায়ের ফলে এমন কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে, যার কারণে মার্কিন ভোক্তা, ডেভেলপার ও ডিভাইস উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবে। তারা এ আদেশের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে।
অর্থাৎ আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের এই রায় যেন কার্যকর না হয় তা নিশ্চিত করাই এখন গুগলের লক্ষ্য।


For all latest news, follow The Financial Express Google News channel.