ফাইভজি প্রকল্প নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টার প্রযুক্তি সহকারীর সংবাদ সম্মেলন

প্রকাশ :
সংশোধিত :

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ সোমবার (৭ জুলাই) বিকেলে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
জানা গেছে, রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টায় তিনি সাম্প্রতিক নানা ইস্যুতে গণমাধ্যমের সামনে কথা বলবেন। যদিও নির্দিষ্টভাবে কোন বিষয় তুলে ধরা হবে তা জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে—আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রহণ করা ‘ফাইভজি রেডিনেস’ প্রকল্পে অর্থ ছাড় নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া তার ডিও (ডেমি অফিসিয়াল) চিঠি নিয়ে তিনি বক্তব্য দিতে পারেন।
উল্লেখ্য, দুদকের অনুসন্ধানকারী দল এবং বুয়েটের বিশেষজ্ঞরা এ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছেন।
ফয়েজ আহমদের দেওয়া ডিও চিঠিতে তিনি উল্লেখ করেন, “জাতীয় স্বার্থে ফাইভজি রেডিনেস প্রকল্প পিছিয়ে যাওয়া ঠেকানো, বিটিসিএলকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া থেকে রক্ষা করা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন নিশ্চিত করা এবং বিটিসিএলের আরেকটি চলমান প্রকল্পের মাধ্যমে স্থাপিত যন্ত্রপাতি চালু রাখার জন্য ‘অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পটি চালু রাখা জরুরি। এ বিষয়ে আপনার মনোযোগ ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও লেখেন, প্রকল্পের অধীনে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে চূড়ান্ত বিল পরিশোধের আগে একটি বিশেষজ্ঞ কমিটি যাচাই করবে যন্ত্রপাতিগুলো ফাইভজি উপযোগী কি না এবং ভবিষ্যতে কমপক্ষে ১২ বছর কার্যক্ষম থাকবে কি না।


For all latest news, follow The Financial Express Google News channel.