বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমূলের তৈরি ‘স্মার্ট কার’, চড়লেন প্রধানমন্ত্রী

প্রকাশ :
সংশোধিত :

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমূল ইসলামকে অভিনন্দন জানিয়ে তার তৈরি ‘স্মার্ট কার’-এ চড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে ওয়াকিমূলের উদ্ভাবিত এই যানটি পরিদর্শন করেন তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ওয়াকিমূল ইসলামের বানানো স্মার্ট কারে ওঠেন এবং কিছু দূর নিজেই গাড়িটি চালিয়ে সেটির কার্যকারিতা দেখেন। দেশীয় প্রযুক্তিতে এমন উদ্ভাবনের জন্য তিনি শিক্ষার্থীর প্রশংসা করেন এবং তাকে উৎসাহ দেন।
ব্যাটারিচালিত এই গাড়িটির নাম রাখা হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’। প্রধানমন্ত্রী গাড়িটি তৈরির পেছনের প্রক্রিয়াও ওয়াকিমূলের কাছ থেকে শোনেন।
ওয়াকিমূল জানান, আগে তিনি শারীরিক সীমাবদ্ধতার কারণে সারাদিন বাসায় থাকতে বাধ্য হতেন। সহজে বাইরে চলাচলের উপায় খুঁজতে গিয়ে তিনি এই স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন।
তিনি যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার পরিবারে বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ওয়াকিমূল আরও বলেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত স্মার্ট কার তৈরি করতে চান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্কদের জন্যও উপযোগী হবে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, গাড়িটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.