ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশ :
সংশোধিত :

চৈত্রের প্রথম দিনে ঢাকা ও আশপাশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এমন আবহাওয়া দেখা যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের প্রভাবে কালবৈশাখী পরিস্থিতির তৈরি হয়েছে। এর প্রভাবেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
“কালবৈশাখী পরিস্থিতির প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলবে।”
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া আকারে ২৫-৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রোববার দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। এর পরের সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালবৈশাখী পরিস্থিতির প্রভাবে গত কয়েকদিনের মত আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে সোমবার বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।”


For all latest news, follow The Financial Express Google News channel.