স্বস্তির বৃষ্টিতে নেমেছিল মাছ ধরতে, বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল তরুণের

প্রকাশ :
সংশোধিত :

তীব্র গরমের পর মঙ্গলবার সকালেই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছিল বগুড়ার শেরপুরে। কিন্তু সেই স্বস্তির বৃষ্টিই এক পরিবারের জন্য নিয়ে আসে অপূরণীয় শোক। বাড়ির পেছনের জলাশয়ে মাছ ধরতে ও হাঁস আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে সাব্বির আহমেদ (১৮) নামে এক দাখিল পরীক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি শুরু হলে বাড়ির পেছনের একটি জলাশয়ে মাছ ধরতে ও হাঁস আনতে যান সাব্বির। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করতে ছুটে গেলে তিনি আর সাড়া দিচ্ছিলেন না। পরে তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী কদম আলী বলেন, “সকালে বৃষ্টি হচ্ছিল। সাব্বির বাড়ির পেছনে মাছ ধরতে ও হাঁস আনতে গিয়েছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি সে পড়ে আছে। পরে বুঝতে পারি, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।”
স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় এলাকায় প্রচণ্ড শব্দ হয়। ঘটনাস্থলের পাশে থাকা একটি মেহগনি গাছের মোটা ডাল ভেঙে পড়ে। এতে বজ্রপাতের তীব্রতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বৃষ্টির সময় বাড়ির পেছনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাব্বিরের মৃত্যু হয়েছে। একজন দাখিল পরীক্ষার্থীর এমন অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.