স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি ইনকিলাব মঞ্চের

প্রকাশ :
সংশোধিত :

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে ৩০ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া এবং তদন্তে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ‘৩ দফা’ দাবি তুলে ধরা হয়।
এর আগে দুপুরে শাহবাগে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। এরপরই লিখিতভাবে এই সুনির্দিষ্ট ৩ দফা দাবি পেশ করা হলো।
ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি:
১. ৩০ কার্যদিবসে বিচার: দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য এফবিআই (FBI) অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে।
২. গোয়েন্দা সংস্থায় শুদ্ধি অভিযান: সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ‘আওয়ামী সন্ত্রাসীদের’ চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।
৩. তিনজনের পদত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করতে হবে। একই সঙ্গে এই খুনের সকল দায় নিয়ে তাদের পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর আগে ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্নের কথা জানালেও, ইনকিলাব মঞ্চ তা প্রত্যাখ্যান করে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছে। সেই সঙ্গে তদন্তে ব্যর্থতার অভিযোগ তুলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগের দাবি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।


For all latest news, follow The Financial Express Google News channel.