স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা

প্রকাশ :

সংশোধিত :

জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি মনোনীতদের হাতে এই পদক তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। খালেদা জিয়াকে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা এবং দেশ গঠনে’ সামগ্রিক অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

খালেদা জিয়াসহ মোট সাতজন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন—মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরীন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। তাদের পক্ষে স্বজনরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

এছাড়া জীবিতদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, সংস্কৃতিতে একেএম হানিফ (হানিফ সংকেত), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) পুরস্কার গ্রহণ করেন।

অন্যদিকে, পাঁচটি প্রতিষ্ঠানকেও এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। এগুলো হলো—ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধে অবদান), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসা), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ (পল্লী উন্নয়ন), এসওএস শিশু পল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র (জনসেবা)। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ উপলক্ষে প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি রেপ্লিকা, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনের সময় জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং সবাই দাঁড়িয়ে সম্মান জানান। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সর্বশেষ খবর