সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, পাচারকারী আটক

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি । এ সময় তার কাছ থেকে সাংবাদিক ও একটি সামাজিক সংগঠনের পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার (৫০)। তিনি পেশায় মাইক্রোবাস চালক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
তিনি জানান, কক্সবাজারগামী মাইক্রোবাসটি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরী’র সহায়তা নেওয়া হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির সিট কভারের ভেতর থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ‘দেশ সকাল’ নামের একটি সাংবাদিক পরিচয়পত্র এবং ‘বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি’র একটি আইডি কার্ড।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, তল্লাশির সময় চালক আনোয়ার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা চালান। পরে গাড়িটি তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.