সামাজিক যোগাযোগমাধ্যমে তাপমাত্রা নিয়ে ভাইরাল সতর্কবার্তাটি ভুয়া

প্রকাশ :

সংশোধিত :

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্টে দাবি করা হচ্ছে, ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত দেশে ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এবং সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে না যেতে ‘উচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। পোস্টটিতে ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’-এর নামে নানা সতর্কবার্তাও যুক্ত করা হয়েছে এবং তা ব্যাপকভাবে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

গতকাল থেকে অন্তত ৫০টি পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে একই কথিত সতর্কবার্তা ছড়িয়ে পড়েছে।

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বার্তাটি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। অধিদপ্তরের ভাষ্য, ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’ নামে বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠানই নেই, ফলে ওই নামে প্রচারিত সতর্কবার্তার কোনো ভিত্তি নেই।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো রেকর্ড নেই এবং বাস্তবে এমন পরিস্থিতির সম্ভাবনাও নেই। এ ধরনের গুজব মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ২৭ থেকে ৩০ এপ্রিল দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা বাড়ার বদলে কিছুটা কমতে পারে।

ভুয়া বার্তায় অতিরিক্ত গরমে মোবাইল বিস্ফোরণ, গাড়িতে জিনিসপত্র না রাখার পরামর্শ এবং সাপ-বিছা বের হওয়ার মতো দাবিও করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব তথ্যের অধিকাংশই অতিরঞ্জিত ও বৈজ্ঞানিক ভিত্তিহীন।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, যে সময়ে ৪৫ থেকে ৫০ ডিগ্রির কথা বলা হচ্ছে, সে সময় প্রকৃত তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। একই সঙ্গে জনগণকে এমন বিভ্রান্তিকর বার্তা শেয়ার না করার অনুরোধও জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর