প্রবাসী ভোটারদের জন্য আজ বিকাল থেকে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু

প্রকাশ :

সংশোধিত :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বিকাল ৫টা থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোট সম্পন্ন করে ব্যালট ডাকযোগে দেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে ভোটারদের আহ্বান জানিয়েছে ইসি।

আজ বুধবার (২১ জানুয়ারি) ইসি জানায়, কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোটাররা নিজ নিজ আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন।

ইসি আরও উল্লেখ করে, ভোট দেওয়ার পর হলুদ খামে রাখা পোস্টাল ব্যালট অবশ্যই ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে, যাতে তা সময়মতো বাংলাদেশে পৌঁছায়।

এদিন ইসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকাল ৫টা থেকে অ্যাপের নির্দেশনা অনুসরণ করে কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরেকটি বার্তায় ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দিতে পারবে না। পাশাপাশি ভোটের গোপনীয়তাও সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে।

প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বর্তমানে ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ ইতোমধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

সর্বশেষ খবর