ওসমান হাদী হত্যা: ভারতে গ্রেপ্তার প্রধান আসামি ফয়সালসহ দুজনের ১৪ দিনের রিমান্ড

প্রকাশ :
সংশোধিত :

আলোচিত শরিফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেন।
পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে তারা জানতে পারে যে, খুনের মতো গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় গোপন আশ্রয়ের সন্ধান করছে।
এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) গভীর রাতে বনগাঁর সীমান্তবর্তী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এসটিএফ সদস্যরা ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসটিএফের দেওয়া তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি ওসমান হাদীকে হত্যা করে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর দেশে ফেরার উদ্দেশ্যেই বনগাঁয় আসে।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.