অপহরণ মামলার আসামির কাছ থেকে তরুণী উদ্ধার, ভিডিও ভাইরাল, চাঞ্চল্যের সৃষ্টি

প্রকাশ :

সংশোধিত :

কুড়িগ্রামের রৌমারীতে অপহরণ মামলার আসামি কবির হোসেন (১৯) এর কাছ থেকে এক তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় প্রেমিক প্রেমিকা দু'জন দুজনকে ছাড়বে না, এমন একটি ধস্তাধস্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার রৌমারী সদর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কবির হোসেন সদর ইউনিয়নের পদ্মার চর এলাকার জাহিদুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের জেরে গত ২৭ এপ্রিল ওই তরুণ-তরুণী বাড়ি থেকে পালিয়ে যান। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজ তরুণীর মা আজিরণ বেগম চলতি মাসের (৩মে) রৌমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় প্রেমিক প্রেমিকা দু'জন দুজনকে ছাড়বে না, এমন একটি ধস্তাধস্তির ভিডিও ধারণ করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

পুলিশ জানায়, অপহরণ মামলার পর অভিযান চালিয়ে মামলার এক ও দুই নম্বর আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে জানতে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

সর্বশেষ খবর