লালমনিরহাটে সাবেক ডিজি সাব্বির বিন শামস কারাগারে

প্রকাশ :

সংশোধিত :

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে গণঅভ্যুত্থানকালীন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার (১৭ মে) বিকেলে লালমনিরহাট আমলি আদালত-১-এর বিচারক মো. আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার বঙ্গের বাজার সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানেই রাখা হয়।

৫৭ বছর বয়সী সাব্বির বিন শামসের বাড়ি লালমনিরহাট শহরে।

তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে—এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে লালমনিরহাটে একটি রাজনৈতিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছয়জন নিহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে তার নাম আসামি হিসেবে উঠে আসে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি আরও জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও রয়েছে।

আদালতে হাজির করার আগে সাব্বির বিন শামস সাংবাদিকদের জানান, তিনি ২০২১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে তিন বছরের চুক্তিতে নিয়োগ পান এবং সেখানে সাত মাস দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (পাবলিক ডিপ্লোমেসি) হিসেবে কাজ করেন এবং পরে পদত্যাগ করে দেশে ফিরে আসেন।

আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, আদালতে জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, অনুপ্রবেশ বা পাসপোর্ট আইনে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

সর্বশেষ খবর