খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমান

প্রকাশ :

সংশোধিত :

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। 

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।

সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান পরিবারের অন্য সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। তারা কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় মোনাজাতে অংশ নেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

এ সময় জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। 

এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান (জাইমা রহমানের বাবা) স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে শায়িত করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। 

সর্বশেষ খবর