জুন থেকে শুরু থার্ড টার্মিনালের কিস্তি পরিশোধ, চলবে ২০৫৬ পর্যন্ত

প্রকাশ :

সংশোধিত :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখনো চালু না হলেও আগামী জুন থেকে এর ঋণের কিস্তি পরিশোধ শুরু হচ্ছে, যা চলবে ২০৫৬ সাল পর্যন্ত। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, টার্মিনাল চালু না হলেও বছরে হাজার কোটি টাকার বেশি কিস্তি শোধ করতে হবে।

জাইকার অর্থায়নে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের এই প্রকল্পের কাজ আগেই প্রায় শেষ হলেও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঠিক করতে জটিলতা তৈরি হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি জোরদার করা হয় এবং ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে চালুর লক্ষ্য ধরা হয়েছে।

টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বেবিচক চেয়ারম্যান জানান, বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। নেগোসিয়েশন শেষ হলে চুক্তি সই, টেস্ট রান এবং পরবর্তী প্রস্তুতি শেষে সীমিত আকারে টার্মিনাল চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বিমানবন্দর শিফটিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া হওয়ায় সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে। দীর্ঘদিন আগে স্থাপিত সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত করছে এবং প্রয়োজনে আরও মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি একটি বিদেশি কোম্পানিকেও যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।

জুন থেকে শুরু থার্ড টার্মিনালের কিস্তি পরিশোধ, চলবে ২০৫৬ পর্যন্ত

সর্বশেষ খবর